স্থানীয় উদ্ভাবনকে বৈশ্বিক পর্যায়ে নিতে সেতুবন্ধনের আহ্বান

১ মার্চ, ২০২০ ০৭:১০  
প্রযুক্তিভিত্তিক স্থানীয় উদ্ভাবন ও বৈশ্বিক সমাধানের মধ্যে সেতুবন্ধন রচনার আহ্বান জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আর এমন সমাধানকে আন্তর্জাতিক পরিসরে নিয়ে যাওয়ার জন্য তরুণ উদ্ভাবকদের  ‘স্টার্টআপ বাংলাদেশ’ সর্বাত্মক সহযোতিা করবে বলেও জানিয়েছেন তিনি। শনিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে ঢাকার ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) এর ক্যাম্পাসে অনুষ্ঠিত “ন্যাশনাল হ্যাকাথন অন ফ্রন্টিয়ার টেকনোলজিস” এর সমাপনী অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে দেয়া বক্তব্যে এই আহ্বান জানান তিনি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক বলেন, লোকাল ইনোভেশনও হতে পারে গ্লোবাল সল্যুশন। তাই লোকাল সল্যুশন ও লোকাল ইনোভেশনকে আমরা কিভাবে গ্লোবাল সমাধান ও গ্লোবাল মার্কেটে নিয়ে যেতে পারি তার একটি ব্রিজিং করতে হবে। তিনি বলেন, বিশ্বের সকল উদ্ভাবন এসেছে সরকার, একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রি এই তিনটি পক্ষের পারস্পরিক সমঝোতা ও অংশীদারিত্বের ভিত্তিতে। বিশ্বের প্রতিষ্ঠিত বিভিন্ন ইনোভেটরদের উদাহরণ দিয়ে পলক বলেন, প্রথমে একজন উদ্ভাবক তার আইডিয়া নিয়ে ভেবেছে, কল্পনা করেছে ও তার সম্ভাব্য সমাধান করেছে। তারপর সেটার সাথে একাডেমিয়া ও ইনোভেটরের সাথে ইন্ডাস্ট্রির একটি সম্পর্ক স্থাপন হয়েছে এবং সেইটাকে মার্কেটে গ্রহণযোগ্য করা ও স্কেলেবল করার জন্য সরকারের পলিসি ও আইনগত সহায়তার প্রয়োজন হয়েছে। সবশেষে তিনি দেশীয় সমস্যাসমূহের সমাধানে এই হ্যাকাথনে অংশগ্রহণ করার জন্য সকলকে ধন্যবাদ জানান এবং একইসাথে সকল তরুণ ইনোভেটরদের ভবিষ্যতে স্টার্টআপ বাংলাদেশের পক্ষ থেকে সহোযোগিতা করা হবে বলেও জানান।